ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলায় মো. নাজমুল হক (২৫) নামে এক রাজমিস্ত্রী নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি মোবাইল ফোনে যোগাযোগ করে রাজমিস্ত্রীর কাজ দেখার কথা বলে নাজমুল হককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি।
স্বজনরা জানান, নির্ধারিত সময় পার হওয়ার পরও বাড়িতে ফিরে না আসায় তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে ফোনে কোনো সাড়া পাওয়া যায়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। পরদিন শুক্রবার (৫ জুন) সকাল ১০টার পর থেকে তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় নিখোঁজ ব্যক্তির বড় ভাই মো. ইকরাম (২৭) বাদী হয়ে শুক্রবার ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
নিখোঁজ নাজমুল হকের কোনো সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন স্বজনরা।
এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।