সিলেট প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবঘোষিত ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সিলেট বিভাগের চার নেতা স্থান পেয়েছেন। এর মধ্যে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মকসুদ আহমদ রয়েছেন সহ-সাধারণ সম্পাদক পদে।
বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে স্থান পাওয়া সিলেট বিভাগের অন্য তিন নেতা হলেন— সহ-সভাপতি জাকির হোসেন উজ্জল (মূল তালিকার ১৯ নম্বর), সহ-সভাপতি রহিম উদ্দিন (যুক্তরাজ্য, মূল তালিকার ২৪ নম্বর) এবং সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান (মূল তালিকার ৭৬ নম্বর)।
স্থানীয় বিএনপি ও যুবদল নেতাকর্মীরা জানান, রাজপথের আন্দোলন-সংগ্রামে এই নেতাদের ত্যাগ ও অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের কেন্দ্রীয় যুবদলের গুরুত্বপূর্ণ দায়িত্বে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে সিলেট বিভাগের যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং কেন্দ্রীয় রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে তারা আশা প্রকাশ করেন।
নবগঠিত ১৫১ সদস্যের কমিটিতে আবদুল মোনায়েম মুন্না সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন রেজাউল কবীর পল, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক এবং সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল। কমিটিতে দেশের বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দের পাশাপাশি প্রবাসী নেতাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।