সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পরিবারের সঙ্গে বেড়াতে গিয়ে হাউসবোটের ইঞ্জিনে পড়ে সৌমাতা সরকার নিঝুম (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নিঝুম সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসআই) স্বপন চন্দ্র সরকারের মেয়ে।
শুক্রবার (৫ জুন) বিকেল আনুমানিক ৪টার দিকে টাঙ্গুয়ার হাওর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্বজন ও হাউসবোট সূত্রে জানা যায়, নতুন চালু হওয়া ‘ভ্রমণশৈলী’ নামের একটি হাউসবোটের উদ্বোধনী ভ্রমণে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে যান তারা। নিলাদ্রী লেকের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় হাউসবোটের পেছনের অংশ থেকে সামনে আসার সময় অসাবধানতাবশত নিঝুম চলন্ত হাউসবোটের ইঞ্জিনে পড়ে যায়। এ সময় সঙ্গে সঙ্গে ইঞ্জিন বন্ধ করা হলেও শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাউসবোটের মালিক পংকজ রায় জানান, এটি ছিল তাদের হাউসবোটের প্রথম ট্রিপ। তিনি বলেন, দুর্ঘটনার সময় নিঝুম তার মা ও বোনের সঙ্গে ছিল। ইঞ্জিনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই মেশিন বন্ধ করা হলেও তাকে জীবিত উদ্ধার করা যায়নি। আঘাতে তার শরীর মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয় বলে তিনি উল্লেখ করেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, টাঙ্গুয়ার হাওরে ভ্রমণকালে হাউসবোট দুর্ঘটনায় পুলিশের এক উপ-পরিদর্শকের মেয়ে সৌমাতা সরকার নিঝুমের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং বাবার আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।