Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সুনামগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট, চিকিৎসা সেবা ব্যাহত

০৬ জুন ২০২৬ • ০৪:০২ পূর্বাহ্ন

জগন্নাথপুর  প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তীব্র জনবল সংকট থাকায় চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে রোগীদের ভোগান্তি বাড়ছে এবং চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা হিমশিম খাচ্ছেন।


হাসপাতাল সূত্রে জানা গেছে, মোট অনুমোদিত ২৪৬টি পদের মধ্যে বর্তমানে কর্মরত আছেন ১২৭ জন, শূন্য রয়েছে ১১৯টি পদ।


এর মধ্যে চিকিৎসকের ৪২টি পদের মধ্যে ১৬ জন কর্মরত থাকায় ২৬টি পদ শূন্য রয়েছে। নার্সের ৪১টি পদের মধ্যে ১৯ জন কর্মরত, শূন্য ২২টি। মিডওয়াইফের ৯টি পদের মধ্যে ৭টি পূরণ থাকলেও ২টি শূন্য। অন্যান্য ক্যাটাগরির ১০৩টি পদের মধ্যে ৬২ জন কর্মরত থাকায় ৪১টি পদ শূন্য রয়েছে। এছাড়া ৪র্থ শ্রেণির কর্মচারীর ২৭টি পদের মধ্যে মাত্র ১ জন কর্মরত, শূন্য রয়েছে ২৬টি পদ।


হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা জানান, পর্যাপ্ত জনবল না থাকায় প্রয়োজনীয় সেবা পাওয়া যাচ্ছে না। বিশেষ করে চিকিৎসক সংকটের কারণে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে এবং অনেক ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে রোগীদের সিলেট বা ব্যক্তিগত চেম্বারে যেতে হচ্ছে।


হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে শূন্য পদগুলো পূরণ না হওয়ায় চিকিৎসাসেবায় চাপ বাড়ছে। দ্রুত জনবল নিয়োগ হলে সেবার মান উন্নত করা সম্ভব হবে বলে তারা মনে করেন।


হাসপাতালে ভর্তি এক রোগীর স্বজন বলেন, “চিকিৎসক, নার্স ও ক্লিনারের সংকটের কারণে প্রতিদিনই ভোগান্তিতে পড়তে হচ্ছে।”


অন্যদিকে স্থানীয় সাংবাদিক মঈন উদ্দিন অভিযোগ করে বলেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও চিকিৎসকদের যথাযথ উপস্থিতি না থাকায় রোগীরা সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।


এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কৃপেশ রঞ্জন রায় বলেন, “দীর্ঘদিন ধরে জনবল সংকট থাকায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। দ্রুত শূন্য পদ পূরণ হলে চাপ কমবে এবং সেবা উন্নত হবে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েছি।”


এদিকে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সংকট বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। দ্রুত শূন্য পদগুলো পূরণে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন বলে আশ্বাস দেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com