নিজস্ব প্রতিবেদক।
সিলেট জেলা পুলিশের কার্যক্রম গতিশীল করা, জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরণ এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় মে ২০২৬ মাসের জন্য জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম।
এ উপলক্ষে সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক তাঁর হাতে বিশেষ সম্মাননাপত্র ও নগদ অর্থ তুলে দেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম এবং জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
পুরস্কার প্রদানকালে পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক জেলার পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে আরও আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হওয়ায় সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও কানাইঘাটবাসীর পক্ষ থেকে ওসি মোঃ আমিনুল ইসলামকে অভিনন্দন জানানো হয়েছে।