নিজস্ব প্রতিবেদক।
সিলেটের জালালাবাদ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ বোতল বিদেশি মদ, ১৪ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ৩ জুন ভোর আনুমানিক ৪টা ২৫ মিনিটে শিবের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মুশফিকুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নের দখড়ী এলাকার জনৈক দিলোয়ার হোসেনের বসতঘরে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ঘর থেকে ৫ বোতল Officer's Choice বিদেশি মদ, ১৪ পিস ইয়াবা এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আজাদ মিয়া (৩২), পিতা-মৃত আব্দুল গফুর, গ্রাম-পুটামারা, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেটকে আটক করা হয়।
এ ঘটনায় জালালাবাদ থানায় মামলা নং-০৪, তারিখ ০৩/০৬/২০২৬ খ্রিস্টাব্দ, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণি ১০(ক)/১৯(ক)/২৪(ক)/৪১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।