ছাতক প্রতিনিধি: ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন সাবেক কমিশনার বীথিকা দাস বীথির কর্মজীবন, মানবিকতা ও সামাজিক অবদান স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
স্বর্গীয় দীনেন্দ্র নাথ পুরকায়স্থ (মন্টু বাবু)-এর তৃতীয় কন্যা বীথিকা দাস বীথির স্মরণে আয়োজিত এ সভা তাদের পারিবারিক শ্রী শ্রী গোপাল মন্দিরে রবিবার (৩১ মে) দুপুর থেকে গোপাল সেবার মাধ্যমে শুরু হয়। পরে রাতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় সাংবাদিক সেলিম মাহবুব সভাপতিত্ব করেন এবং বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বীথিকা দাস বীথির পরিবারের পক্ষে তার জ্যেষ্ঠ কন্যা অনামিকা দেব জনি, দোয়ারা বাজার উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, ছাতক মহাপ্রভু আখড়া পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট পীযুষ ভট্টাচার্য, ছাতক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও ছাতক সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক হরিদাস রায়সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে ছিলেন ছাতক উপজেলা ক্রীড়া সংস্হার সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ লাল মিয়া, সাবেক কাউন্সিলর ইরাজ মিয়া, রামকৃষ্ণ আশ্রমের সভাপতি রবীন্দ্র কুমার দাস, সাবেক কৃতি ফুটবলার হাজী নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক তাপস কান্তি দত্ত চম্পু, লিটন ঘোষ, সুবীর নাগ ভাস্কর, সাবেক মহিলা কাউন্সিলর রত্না রাণী মালাকার, বীথিকা দাস বীথির ছোট বোন সাথী দাসসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন বীথিকা দাসের ভাগ্নাবউ পৌলমী দেব। পরে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বক্তারা বলেন, বীথিকা দাস বীথি ছিলেন একজন জনহিতৈষী ও সমাজসেবী জনপ্রতিনিধি। তিনি গরিব ও অসহায় মানুষের পাশে থেকে নানা সমস্যা সমাধানে কাজ করেছেন। সাংস্কৃতিক অঙ্গনেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
তারা আরও বলেন, তার প্রয়াত পিতা দীনেন্দ্র নাথ পুরকায়স্থ ওরফে মন্টু বাবুর দানকৃত ফুটবল মাঠ, যা বর্তমানে ছাতক উপজেলা মিনি স্টেডিয়াম হিসেবে পরিচিত, সেটিকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরের ক্ষেত্রে তিনি ছিলেন সোচ্চার।
বীথিকা দাস বীথির জন্ম ৯ এপ্রিল ১৯৬১ এবং মৃত্যু ২৩ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার)। মৃত্যুর পর তার মরদেহ ছাতকের নিজ বাসায় আনা হয় এবং পরে শ্রীমঙ্গল সুবজবাগ মহল্লায় তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত থেকে মরহুমার আত্মার শান্তি কামনা করেন।