Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ০২ জুন ২০২৬ | ১১:০৫ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

প্রবাসীদের অভিযোগ নিষ্পত্তিতে ‘অভিযোগ সেল’ গঠন, ৬ মাসে দৃশ্যমান পরিবর্তনের ঘোষণা মন্ত্রীর

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ০২ জুন ২০২৬ | ১১:০৫ অপরাহ্ন

ঢাকা,  বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধানের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি “অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল” গঠন করা হয়েছে।


মঙ্গলবার(২ জুন)  মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।


তিনি জানান, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই সেলের মাধ্যমে প্রবাসীরা তাদের অভিযোগ সরাসরি minister@probashi.gov.bd এবং minister.expat@gmail.com এই দুটি ইমেইল ঠিকানায় পাঠাতে পারবেন। প্রাপ্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেগুলো দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে মন্ত্রী ও সচিবের কাছে উপস্থাপন করা হবে।


ব্রিফিংয়ে মন্ত্রী অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, সম্প্রতি প্রতারণামূলকভাবে রাশিয়ায় ৩০ জন বাংলাদেশি যুবক পাঠানোর ঘটনায় অভিযুক্ত তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স ইতোমধ্যে প্রত্যাহার এবং জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।


তিনি আরও জানান, প্রবাসীদের কল্যাণে “প্রবাসী কার্ড” চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে ডিজিটাল পরিচয়পত্রের পাশাপাশি ডুয়েল কারেন্সি সম্বলিত পেমেন্ট গেটওয়ে সুবিধা থাকবে। এর মাধ্যমে প্রবাসীরা সহজে ও নিরাপদে দেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন।


মন্ত্রী বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আরও কার্যকর ও স্বচ্ছ করতে ঢেলে সাজানো হবে এবং আগামী ৬ মাসের মধ্যে এর দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে।


মালয়েশিয়ার শ্রমবাজার সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, বাজার পুনরায় খোলার বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং ভবিষ্যতে কর্মী প্রেরণে কোনো ধরনের সিন্ডিকেট থাকবে না।


সংবাদ ব্রিফিংয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক, মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মোঃ শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০২.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com