সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উদ্যোগে বিশেষ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অপরাধে ৭৫ জনকে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
গত ৩১ মে ২০২৬ খ্রিষ্টাব্দ রাতে মহানগরীর বিভিন্ন থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানকালে বিভিন্ন অপরাধ ও আইন লঙ্ঘনের অভিযোগে মোট ৭৫ জনকে আটক করা হয়। পরে অপরাধের ধরন ও গুরুত্ব বিবেচনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
আটককৃতদের মধ্যে কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে ৫০ জন, এয়ারপোর্ট থানা এলাকা থেকে ৮ জন, দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে ৫ জন, মোগলাবাজার থানা এলাকা থেকে ২ জন এবং শাহপরান (রহ.) থানা এলাকা থেকে ১০ জন রয়েছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মহানগরীতে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, বিশৃঙ্খল কার্যক্রম ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।