অনলাইন ডেস্ক।
ফ্রান্সে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অবকাঠামো খাতে রেকর্ড ৭৫ বিলিয়ন ইউরো বিনিয়োগের ঘোষণা দিয়েছে জাপানের প্রযুক্তি জায়ান্ট সফটব্যাঙ্ক।
শনিবার (৩০ মে) ফ্রান্সের সংবাদপত্র ‘লা ট্রিবিউন দিমাঞ্চ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সফটব্যাঙ্কের চেয়ারম্যান মাসায়োশি সন এ ঘোষণা দেন। তিনি জানান, ২০৩১ সালের মধ্যে ফ্রান্সের ওত-দ্য-ফ্রঁস অঞ্চলে ডেটা সেন্টার নির্মাণে ৪৫ বিলিয়ন ইউরো বিনিয়োগ করা হবে, যা এই খাতে ইউরোপের অন্যতম বৃহৎ বিনিয়োগ হতে পারে।
মাসায়োশি সন বলেন, ফ্রান্সে এ ধরনের অবকাঠামোতে এটি হবে ইউরোপের সবচেয়ে বড় বিনিয়োগগুলোর একটি। তার মতে, ফ্রান্সে বিনিয়োগের প্রধান কারণ হলো দেশটির শক্তি উৎপাদন সক্ষমতা এবং কার্বন-মুক্ত বিদ্যুৎ সুবিধা, যা ডেটা সেন্টার পরিচালনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও জানান, এ সিদ্ধান্ত তিনি ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে টোকিওতে বৈঠকের পর গ্রহণ করেন, যেখানে ফ্রান্সের অর্থনৈতিক সম্ভাবনা ও বিনিয়োগ পরিবেশ নিয়ে আলোচনা হয়।
এদিকে বৈদ্যুতিক সরঞ্জাম ও শিল্প অটোমেশনের ফরাসি কোম্পানি স্নাইডার ইলেকট্রিক এই প্রকল্পের অংশীদার হিসেবে কাজ করবে। কোম্পানির সিইও অলিভিয়ের ব্লুম জানান, এটি ফ্রান্সে এ খাতে এযাবৎকালের সবচেয়ে বড় প্রকল্প হতে যাচ্ছে।
পরিকল্পনা অনুযায়ী, ডেটা সেন্টারগুলো ডানকার্ক (লুন-প্লাজ), বোস্কেল এবং বুশেইন এলাকায় স্থাপিত হবে। প্রাথমিকভাবে ৩ গিগাওয়াট এবং পরবর্তীতে ৫ গিগাওয়াট পর্যন্ত সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।
ফরাসি বিদ্যুৎ সংস্থা ইডিএফ এবং উচ্চ-ভোল্টেজ গ্রিড অপারেটর আরটিই এই বিনিয়োগ আকর্ষণে সহযোগিতা করছে। দেশটিতে এআই ডেটা সেন্টার স্থাপনের জন্য ইতোমধ্যে ৩৫টি “রেডি-টু-ইউজ” স্থান নির্ধারণ করা হয়েছে।
সফটব্যাঙ্ক গ্রুপ, যা ১৯৮১ সালে মাসায়োশি সন প্রতিষ্ঠা করেন, বর্তমানে বিশ্বব্যাপী টেলিযোগাযোগ, প্রযুক্তি ও এআই খাতে অন্যতম বৃহৎ বিনিয়োগকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির ওপেনএআই-এও উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে।
বিশ্লেষকদের মতে, ইউরোপে এ ধরনের বৃহৎ বিনিয়োগ এআই অবকাঠামো খাতে নতুন যুগের সূচনা করতে পারে।