জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সকড়া গ্রামে মাদক, চুরি, ছিনতাই ও সন্ত্রাসবিরোধী সচেতনতা গড়ে তুলতে স্থানীয়ভাবে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
গ্রামে ঢুকলেই চোখে পড়ে একের পর এক সতর্কতামূলক সাইনবোর্ড। কোথাও লেখা রয়েছে—‘মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের এই এলাকায় প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ’, আবার কোথাও উল্লেখ রয়েছে ‘সন্দেহজনক কর্মকাণ্ডে ৯৯৯-এ কল করুন’। এসব সাইনবোর্ডের মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অপরাধ প্রতিরোধে এলাকাবাসীকে সক্রিয় ভূমিকা রাখতে উৎসাহিত করা হচ্ছে।
সম্প্রতি গ্রামের বিভিন্ন সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথে এসব সাইনবোর্ড স্থাপন করা হয়। এতে মাদকবিরোধী বার্তার পাশাপাশি রাত ১০টার পর অপ্রয়োজনে ঘোরাফেরা না করা, গভীর রাতে মোটরসাইকেল নিয়ে সন্দেহজনক চলাচল এবং অপরিচিত ব্যক্তির অস্বাভাবিক উপস্থিতির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয়দের মতে, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়, বরং পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিক সচেতনতাকে তারা সমান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।
স্থানীয় বাসিন্দা ও সাংবাদিক আহসান হাবীব লায়েক বলেন, “মাদকাসক্তি সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। মাদককে ঘিরে বিভিন্ন ধরনের অপরাধ ঘটছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। আমরা চাই আমাদের গ্রামটি মাদকের প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত থাকুক। সে লক্ষ্যেই সকড়া সমাজ কল্যাণ সংস্থা ও এলাকাবাসী এই উদ্যোগ নিয়েছে।”
তিনি আরও বলেন, মাদকবিরোধী কার্যক্রমে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক প্রতিরোধও জরুরি। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং তরুণ প্রজন্মকে রক্ষায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সাইনবোর্ড স্থাপন ও প্রচারণার দায়িত্বে রয়েছে সকড়া সমাজ কল্যাণ সংস্থা। সংগঠনটির নেতারা জানান, একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যেই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক সচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়দের আশা, এই ব্যতিক্রমী উদ্যোগ মাদক ও অপরাধ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে এবং অন্যান্য এলাকাকেও অনুরূপ সামাজিক উদ্যোগ গ্রহণে অনুপ্রাণিত করবে।