সিলেট মহানগরীর রায়নগর দপ্তরীপাড়া এলাকায় পরকিয়ার জেরে বন্ধুর হাতে বন্ধু খুন হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (৩১ মে) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মো. হাবিল (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
নিহত যুবকের নাম জুয়েল (২৬)। তিনি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার ভেরা এলাকার ১০নং সিধলা ইউনিয়নের আব্দুর রহিমের ছেলে। বর্তমানে তিনি সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন রায়নগর দপ্তরীপাড়ার সাকেরের কলোনিতে বসবাস করতেন।
আটক মো. হাবিল সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন বালুচর এলাকার মঈনুল মিয়ার বাসার বাসিন্দা মো. আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েল ও হাবিল পূর্ব পরিচিত ও বন্ধু ছিলেন। রবিবার সকালে পূর্ব শত্রুতার জেরে তাদের মধ্যে কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে হাবিল জুয়েলকে টেনে পাশের গোয়ালীছড়া খালে ফেলে দেয় এবং সঙ্গে থাকা ধারালো সুইচ গিয়ার চাকু দিয়ে তার গলা, পিঠ ও বুকে একাধিক আঘাত করে।
পরে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় জুয়েলকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে অভিযুক্ত হাবিল দাবি করেন, তার স্ত্রীর সঙ্গে জুয়েলের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে তিনি একাধিকবার দুজনকে বুঝিয়েছেন বলেও জানান। তবে কোনো সমাধান না পেয়ে তিনি নিজেই এই ঘটনার সিদ্ধান্ত নেন বলে স্বীকার করেন। হত্যাকাণ্ডের পরও তার মধ্যে অনুশোচনা নেই বলেও দাবি করেছেন তিনি।
ঘটনার পর স্থানীয় লোকজন হাবিলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার কাছ থেকে অভিযুক্ত হাবিলকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।