গোয়াইনঘাটে র্যাব-৯ ও বিজিবির যৌথ অভিযাননে ৪২ লাখ টাকার ভারতীয় জিরা ও দুটি পিকআপ জব্দ
সিলেট : সিলেটের গোয়াইনঘাটে যৌথ অভিযান চালিয়ে প্রায় ৪২ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরার বড় চালান জব্দ করেছে র্যাব-৯ ও ৪৮ বিজিবি। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৩ হাজার ৫৪০ কেজি ভারতীয় জিরা এবং দুটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়।
র্যাব-৯ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ মে রাত প্রায় ৪টার দিকে গোয়াইনঘাট থানার আহারকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোরাচালানের উদ্দেশ্যে আনা বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ লাখ টাকা।
অভিযান চলাকালে জিরা ও পিকআপ গাড়িগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্তে র্যাব-৯ এর তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
র্যাব জানিয়েছে, উদ্ধারকৃত জিরা ও গাড়ি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিলেটের সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে র্যাব-৯ সর্বদা তৎপর রয়েছে। দেশের অর্থনীতি ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।”