Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি প্রেস বিজ্ঞপ্তি রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে সিলেটে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ

২৬ মে ২০২৬ • ০২:৩০ পূর্বাহ্ন

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব জোরদারের লক্ষ্যে সিলেটে অনুষ্ঠিত হয়েছে অ্যাডভোকেসি ডায়ালগ। রবিবার (১৭ মে) সিলেটের পিরেরবাজারস্থ ব্র্যাক লার্নিং সেন্টারে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির উদ্যোগে এ ডায়ালগের আয়োজন করা হয়।


ডায়ালগে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়ার্ক বিভাগের অধ্যাপক তাহমিনা ইসলাম এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল আহাদ।


আলোচনায় নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় পর্যায়ে করণীয়, বিদ্যমান চ্যালেঞ্জ এবং সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।


প্রধান অতিথির বক্তব্যে সরকার মামুনুর রশিদ বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। স্থানীয় পর্যায়ে সকল পক্ষের সম্মিলিত প্রচেষ্টা থাকলে সহিংসতা প্রতিরোধে কার্যকর অগ্রগতি সম্ভব। বিশেষ করে ইমাম, পুরোহিত ও ধর্মীয় নেতৃবৃন্দকে সচেতনতামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।


বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক তাহমিনা ইসলাম বলেন, শিক্ষার্থীদের মধ্যে নারী সম্মান ও মর্যাদাবোধ শিশুকাল থেকেই গড়ে তুলতে হবে। এজন্য স্কুলের পাঠ্যপুস্তকে নারীর মর্যাদা ও সমঅধিকারের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করার প্রয়োজন রয়েছে।


অনুষ্ঠানে বক্তব্য দেন ব্র্যাকের সিনিয়র ম্যানেজার বি এম তোফায়েল আহম্মেদ। তিনি বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় পর্যায়ে কার্যকর অ্যাডভোকেসি জোরদার করতে হবে। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, প্রশাসন, সিভিল সোসাইটি ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে।


এছাড়া ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি প্রোগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক তাসলিমা ইয়াসমিন বলেন, সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ছাড়া নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধ সম্ভব নয়। পরিবার ও সমাজে সচেতনতা বৃদ্ধি এবং ভুক্তভোগীদের প্রতি সহানুভূতিশীল মনোভাব গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।


ডায়ালগে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, নাগরিক সমাজের সদস্য, সাংবাদিক, আইনজীবী ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।


আয়োজকরা জানান, ডায়ালগ থেকে প্রাপ্ত মতামত ও সুপারিশ ভবিষ্যৎ অ্যাডভোকেসি কার্যক্রম ও কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হবে।

বিজ্ঞাপন channeljaintanews24.com