Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, সংবাদকর্মীর বাড়িতে হামলায় আহত ১৪

২৫ মে ২০২৬ • ০৮:৪৬ অপরাহ্ন


গোয়াইনঘাট প্রতিনিধি। 


সিলেটের গোয়াইনঘাট উপজেলার কইন্নাজঙ্গল এলাকায় অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংবাদকর্মী লোকমান আহমদের বাড়িতে হামলা ও ভাঙচুরের পাশাপাশি নারী-পুরুষসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


রোববার (২৪ মে) ভোর ৫টার দিকে উপজেলার ১২ নম্বর সদর ইউনিয়নের লুনী গ্রামে এ ঘটনা ঘটে।


আহতরা হলেন— তোফায়েল (২৩), জালাল উদ্দীন (৩৪), লিমা বেগম (২৫), আলকুমা বেগম (৩৫), আল আমিন (২২), রুহুল আমিন (১৯), উস্তার মিয়া (৩৮), ফখরুল ইসলাম (৪০), দেলোয়ার হোসেন (৫২), মুহিবুর রহমান (৫৫), সিরাজ উদ্দিন, মাসুক আহমদ (৪০), লোকমান (৩৫) ও আলিফান বিবি।


স্থানীয় সূত্রে জানা যায়, কইন্নাজঙ্গল এলাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় কামরুল ও খয়রুল বাহিনীর নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। সংবাদকর্মী লোকমান আহমদের ভাতিজা তোফায়েল আগে ওই চক্রের সঙ্গে জড়িত থাকলেও প্রায় ২০ দিন আগে আলাদা হয়ে নিজেই বালুর ব্যবসা শুরু করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।


অভিযোগ রয়েছে, বিরোধের জেরে রোববার ভোরে বালু উত্তোলনস্থলের পাশের অস্থায়ী ঘরে (ওড়া) ঘুমন্ত অবস্থায় তোফায়েল ও লোকমানের ভাই উস্তার আলীর ওপর হামলা চালানো হয়। এতে ধারালো অস্ত্রের আঘাতে উস্তার আলীর একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।


পরে আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে প্রতিপক্ষের ৫০ থেকে ৬০ জনের একটি সশস্ত্র দল লোকমান আহমদের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িঘরে ভাঙচুর ও নারী-পুরুষদের মারধর করা হয়। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে।


সংবাদকর্মী লোকমান আহমদ বলেন, পূর্ব শত্রুতার জেরে তাদের ওপর হামলা চালানো হয়েছে। এতে তার ভাই ও ভাতিজাসহ পরিবারের ১৪ জন আহত হয়েছেন এবং বাড়িঘরে ব্যাপক ভাঙচুর করা হয়েছে।


তিনি আরও জানান, এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


অভিযোগের বিষয়ে কামরুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, বালু উত্তোলনকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন channeljaintanews24.com