কানাইঘাট প্রতিনিধি।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সিলেটের কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে বিশেষ মবিলাইজেশন মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ মে) দিনব্যাপী অনুষ্ঠিত এ মহড়ায় কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সালমান নূরে আলম ও থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশ ও থানা পুলিশের বিভিন্ন ইউনিট, টহল দল এবং বিশেষ ফোর্স অংশগ্রহণ করে। থানা প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এ মহড়া উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, জনসমাগমপূর্ণ এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনাকে কেন্দ্র করে পরিচালিত হয়।
মহড়ায় পুলিশ সদস্যরা আধুনিক কৌশলে টহল কার্যক্রম, যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, তাৎক্ষণিক অভিযানের প্রস্তুতি এবং অপরাধ দমনে দ্রুত পদক্ষেপ গ্রহণের সক্ষমতা প্রদর্শন করেন।
এ সময় ঈদকে কেন্দ্র করে চুরি-ছিনতাই ও ডাকাতি প্রতিরোধ, মাদকবিরোধী অভিযান জোরদার এবং কোরবানির পশুর হাটে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন ও রাত্রীকালীন টহল জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সহকারী পুলিশ সুপার সালমান নূরে আলম বলেন, ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটতে দিতে কানাইঘাট থানা পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে এবং টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
ওসি আমিনুল ইসলাম বলেন, অপরাধ দমনে পুলিশ সার্বক্ষণিক মাঠে কাজ করছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।
পুলিশের এ উদ্যোগকে স্থানীয় সচেতন মহল ও সাধারণ জনগণ স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, এ ধরনের নিয়মিত মহড়া ও টহল কার্যক্রম জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।