ফ্রান্স প্রতিনিধি: মো. জুনেদ আহমদ।
ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন Solidarités Afrique France (SAF)-এর উদ্যোগে অষ্টম ঈদ বাণিজ্য মেলা প্যারিসের ঐতিহাসিক Place de la République চত্বরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজন প্রবাসী বাংলাদেশিদের প্রাণের মিলনমেলায় পরিণত হয় এবং বিভিন্ন দেশের দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো মেলা আন্তর্জাতিক রূপ পায়।
এবারের ঈদ মেলায় দেশীয় স্টলের পাশাপাশি বিভিন্ন বিদেশি স্টল অংশগ্রহণ করায় পুরো আয়োজন একটি বহুজাতিক সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়। মেলাজুড়ে ছিল বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও ঈদের আনন্দঘন পরিবেশ। নারী, পুরুষ ও শিশুদের জন্য বাহারি পোশাক, দেশীয় পিঠা-পায়েস, শিশুদের খেলনা এবং গৃহসজ্জার সামগ্রী দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে B MART এবং QATCHIMA দর্শনার্থীদের বিনামূল্যে ফুসকা ও পানীয় পরিবেশন করে প্রশংসা অর্জন করে। পাশাপাশি BD Furniture-এর ফার্নিচার স্টলও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। ঈদ উপলক্ষে নারীদের জন্য মেহেদী কর্নার ছিল অন্যতম বিশেষ আকর্ষণ।
আয়োজকদের মতে, প্রতিবছরই ঈদ বাণিজ্য মেলার পরিধি ও জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপস্থিতি মেলাকে আরও প্রাণবন্ত ও সফল করে তুলছে।
উপস্থিত অতিথিরা বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও উৎসবের আবহ তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে এটি বাংলাদেশি কমিউনিটির সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করছে।