নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে আলোচনা সভায় মিলিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি দেশব্যাপী ভূমি মেলার উদ্বোধন করেন।
সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী। বক্তব্য দেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন ও সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, পুলিশ প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও হয়রানিমুক্ত ভূমি সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, ডিজিটালাইজেশনের ফলে এখন ঘরে বসেই ই-নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর পরিশোধ করা সম্ভব হচ্ছে। পাশাপাশি দালালমুক্ত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর বলেও জানান তিনি।
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক বলেন, ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য হচ্ছে জনগণকে সচেতন করা এবং সরাসরি সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া।
পরে সেবাগ্রহীতাদের মাঝে ই-সেবা বিষয়ক লিফলেট বিতরণ করা হয় এবং মেলার বিভিন্ন বুথ থেকে তাৎক্ষণিক ভূমি সেবা প্রদান করা হয়।