Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ | ১০:০৩ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

বিশেষ চাহিদাসম্পন্ন মানুষকে মূলধারায় আনতে সরকার কাজ করছে: মন্ত্রী জাহিদ হোসেন

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ | ১০:০৩ অপরাহ্ন

সিলেট। 


বিশেষ চাহিদাসম্পন্ন মানুষকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আবু জাফর মোঃ জাহিদ হোসেন। তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ সমাজের বোঝা নন; যথাযথ শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সুযোগ পেলে তারাও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।


মঙ্গলবার (১৯ মে) আমান উল্লাহ কনভেনশন সেন্টার-এ হিউম্যান কেয়ার আয়োজিত ‘স্পেশাল অ্যাবিলিটি সামিট-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আরিফুল হক চৌধুরী।


মন্ত্রী বলেন, দেশে বিপুলসংখ্যক মানুষ বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতার সঙ্গে বসবাস করছেন। তাদের শিক্ষা, চিকিৎসা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করে সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি অভিভাবকদের আশ্বস্ত করে বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের পরিবার এই সমাজে একা নয়; সরকার, সমাজ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সবসময় তাদের পাশে রয়েছে।


তিনি আরও বলেন, অনেক অভিভাবকের মনে উদ্বেগ থাকে— “আমি যখন থাকব না, তখন আমার বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানকে কে দেখবে?” এ উদ্বেগ দূর করতে সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ঘরে ঘরে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে। দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং সুসজ্জিত মোবাইল ভ্যানের মাধ্যমে থেরাপি ও পুনর্বাসন সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলায় এ সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।


আবু জাফর মোঃ জাহিদ হোসেন বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের জন্য সরকার বিশেষায়িত বিদ্যালয় ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তুলতে চায়। এ ক্ষেত্রে শুধু অবকাঠামো নয়, প্রয়োজন মমত্ববোধ, ধৈর্য ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত জনবল। তরুণদের মানবিক দায়িত্ববোধ নিয়ে এ খাতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের মূলধারায় সম্পৃক্ত না করে একটি সত্যিকার অর্থে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠন সম্ভব নয়।


তিনি হিউম্যান কেয়ার-এর এ উদ্যোগের প্রশংসা করে বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের কল্যাণে পরিচালিত কার্যক্রমে প্রয়োজন হলে সরকার কারিগরি, আর্থিক ও আইনগত সহায়তা প্রদান করবে। পাশাপাশি সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদেরও এ জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এম এ মালিক, অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, ডা. রাগীব আলী, শামা হক চৌধুরী এবং সায়মা সুলতানা চৌধুরী লিনাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২১.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com