মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : নবীগঞ্জে এমপি রেজা কিবরিয়া
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের রায়পুর গ্রামে কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক “নাঈম ক্রিকেট অ্যান্ড ফুটবল ইনডোর কমপ্লেক্স”-এর জাঁকজমকপূর্ণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) বিকেল ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্যস্ততম আউশকান্দি-নবীগঞ্জ সড়কের পাশে রায়পুর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমপ্লেক্সটির উদ্বোধন করেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া।
উদ্বোধনী মুহূর্তে এমপি রেজা কিবরিয়া ফুটবলে শট নেন এবং গোলরক্ষকের ভূমিকায় ছিলেন তাঁর সহধর্মিণী সিমি কিবরিয়া। এমপির শটে গোল হওয়ার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
লন্ডন প্রবাসী সমাজসেবক আখতারুজ্জামান বাবুল তালুকদারের উদ্যোগে নির্মিত ১২০ ফুট দীর্ঘ ও ৮০ ফুট প্রস্থের এই আধুনিক ইনডোর স্পোর্টস কমপ্লেক্সটি এলাকার তরুণদের খেলাধুলার সুযোগ-সুবিধা নিশ্চিত করতে নির্মাণ করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা সভাপতি আখতারুজ্জামান বাবুল তালুকদার। নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহসিন তালুকদার ও টিপু তালুকদারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপির সহধর্মিণী সিমি কিবরিয়া, নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারা, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেফু, উপজেলা বিএনপির সহ-সভাপতি বয়েতুল্লাহ, সাধারণ সম্পাদক মজিদুল করিম মজিদ, সহ-সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি, সাংগঠনিক সম্পাদক শাহিদ তালুকদার, আউশকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ এবাদুর রহমান দারা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন, যুগ্ম আহ্বায়ক শাহিন তালুকদার, সিনিয়র সদস্য মনিরুজ্জামান চৌধুরী মনির, যুবদল নেতা সামাদুল আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন তালুকদার, ছাত্রদল নেতা শাকিল আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া ব্যক্তিত্ব।
এছাড়াও অনুষ্ঠানে শতাধিক ক্রীড়াপ্রেমী মানুষ অংশগ্রহণ করেন। উদ্বোধনকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ড. রেজা কিবরিয়া বলেন,
“বর্তমান প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আধুনিক ক্রীড়া কমপ্লেক্স তরুণদের সুস্থ বিনোদন ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি আশা করি, এই প্রতিষ্ঠান ভবিষ্যতে নবীগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে।”
তিনি আরও বলেন, “যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে সমাজের বিত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসতে হবে। আখতারুজ্জামান বাবুল তালুকদারের এই মহৎ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।”
প্রতিষ্ঠাতা আখতারুজ্জামান বাবুল তালুকদার বলেন,
“এলাকার যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, শরীর ও মনকে সুস্থ রাখা এবং মাদকসহ নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার লক্ষ্যেই আমি এই আধুনিক ইনডোর কমপ্লেক্স নির্মাণ করেছি।”
স্থানীয়দের মতে, “নাঈম ক্রিকেট অ্যান্ড ফুটবল ইনডোর কমপ্লেক্স” ভবিষ্যতে নবীগঞ্জ এলাকার ক্রীড়া চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।