নিউজ ডেস্ক।
সিলেট প্রতিনিধি: নারী ও শিশু নির্যাতন, পারিবারিক ও সামাজিক সহিংসতা প্রতিরোধ এবং ভিকটিমদের আইনি সহায়তা নিশ্চিতকরণে সচেতনতা ও সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ মে ২০২৫) বিকাল ৪টা ৩০ মিনিটে সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
“নারী ও শিশু নির্যাতন, সহিংসতা প্রতিরোধ এবং ভিকটিমকে আইনি সহায়তা বিষয়ক মতবিনিময় সভা”-এ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, পারিবারিক ও সামাজিক সহিংসতা মোকাবিলা, ভুক্তভোগীদের দ্রুত আইনগত সহায়তা প্রদান এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একক প্রচেষ্টা যথেষ্ট নয়; এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি ভিকটিমদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করা, দ্রুত আইনি সহায়তা প্রদান এবং অপরাধ দমনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার নারী নেত্রীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, মানবাধিকারকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীরা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, আইনি সহায়তা কার্যক্রম আরও বেগবান করা এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।