Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি মৌলভীবাজার রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
তিন ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল, আতঙ্কে দোকানপাট বন্ধ

শ্রীমঙ্গলে মাইক্রোবাস-সিএনজি চালকদের সংঘর্ষে ৫ সাংবাদিকসহ আহত ১৪

২০ মে ২০২৬ • ১২:০২ পূর্বাহ্ন

শ্রীমঙ্গল প্রতিনিধি। 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা-এ মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৫ সাংবাদিকসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে হবিগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, একটি নোহা মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুই চালকের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।


সিএনজি শ্রমিক ইউনিয়নের নেতাদের অভিযোগ, কিছু মাইক্রোবাস চালক তাদের কার্যালয়ে হামলা চালায়। পরে সিএনজি চালকরা লাঠিসোঁটা নিয়ে শহরের চৌমুহনা এলাকায় সড়ক অবরোধ করেন। অন্যদিকে মাইক্রোবাস চালকরা ভানুগাছ সড়কে অবস্থান নেন।


সংঘর্ষের কারণে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে যান চলাচল প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকে। এতে দূরপাল্লার যানবাহনসহ শতাধিক গাড়ি আটকা পড়ে এবং যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।


শহরের স্টেশন সড়কে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এ সময় আতঙ্কে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।


সংঘর্ষ চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে আহত হন সাংবাদিক উজ্জ্বল কুমার দাশ, ইসমাইল মাহমুদ, এহসানুল হক, আমজাদ হোসেন বাচ্চু, নুর মোহাম্মদ সাগর ও আল আমিন মিয়া।


এছাড়া আহত পরিবহন শ্রমিকদের মধ্যে রয়েছেন চয়ন মিয়া, রাব্বি, আইয়ুব আলী, বিশাল, শওকত, রাকিব মিয়া, বিল্লাল মিয়া ও আমির মিয়া। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত ৫ জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


হাজী কামাল হোসেন বলেন, সংঘর্ষের ঘটনায় কয়েকটি দোকানেও হামলা হয়েছে। প্রশাসন সুষ্ঠু বিচার না করলে ব্যবসায়ীরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।


শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি।


এদিকে স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী জানান, ব্যবসায়ী, পরিবহন মালিক-শ্রমিক ও সিএনজি সংগঠনের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা চলছে। তিনি ব্যবসায়ীদের নির্ভয়ে দোকান খুলে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন channeljaintanews24.com