ঢাকা, ১৭ মে : দুবাই ট্যাক্সি কোম্পানি বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
আজ মন্ত্রণালয়ের কার্যালয়ে আরিফুল হক চৌধুরী-এর সঙ্গে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে মন্ত্রী প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ থেকে দক্ষ ড্রাইভার নিয়োগে এ উদ্যোগকে মন্ত্রণালয় স্বাগত জানায় এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। তিনি প্রবাসী কর্মীদের জন্য প্রশিক্ষণকালীন সময়ে বেতন-ভাতার ব্যবস্থা রাখার অনুরোধ জানান এবং ডাক্তার ও নার্সসহ ‘হোয়াইট কলার’ পেশাজীবী নিয়োগের আহ্বানও জানান।
দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান, বর্তমানে ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে ট্যাক্সি ও লিমুজিন ড্রাইভার হিসেবে কর্মরত আছেন, যার মধ্যে প্রায় ৮ হাজার বাংলাদেশি। তারা জানান, বাংলাদেশি কর্মীরা পরিশ্রমী হওয়ায় তাদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ দেওয়া হয়।
প্রতিনিধি দল আরও জানায়, আগামীকাল বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই-বাছাই শুরু হবে। চলতি বছরে নতুন করে ৬ হাজার ড্রাইভার নিয়োগের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে প্রথম ধাপে ১ হাজার ৫০০ জন নেওয়া হবে।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক বলেন, বাংলাদেশি ড্রাইভারদের বিদেশে যেতে উচ্চ ব্যয় কমিয়ে ১ লাখ টাকার মধ্যে রাখার বিষয়টি বিবেচনা করা উচিত।
সাক্ষাৎকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ, দুবাই ট্যাক্সি কোম্পানি ও আল আনাস ওভারসিজের প্রতিনিধিরা এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।