Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি স্বাস্থ্যসেবা রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

জৈন্তাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় চালু হলো সিজারিয়ান সেবা, জন্ম নিল সুস্থ কন্যাশিশু

১৭ মে ২০২৬ • ১২:৪৭ পূর্বাহ্ন

সিলেট। 


দীর্ঘদিন বন্ধ থাকার পর সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ পুনরায় চালু হয়েছে সিজারিয়ান (সি-সেকশন) সেবা। বহু প্রতীক্ষিত এই সেবা পুনরায় চালু হওয়ায় স্থানীয় প্রসূতি মা ও তাদের পরিবারের মাঝে ফিরে এসেছে স্বস্তি ও আশার আলো।


শনিবার (১৬ মে) সকাল ১০টায় হাসপাতালটিতে সফলভাবে একটি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এক সুস্থ কন্যাশিশুর জন্ম হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, মা ও নবজাতক দু’জনই বর্তমানে সুস্থ রয়েছেন।


অপারেশনের শুরু থেকে শেষ পর্যন্ত সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এন. ইসলাম মোহাম্মদ ফারুক। পুরো মেডিকেল টিমের নেতৃত্ব দেন হাসপাতালের গাইনি কনসালট্যান্ট ও জৈন্তাপুরের জনপ্রিয় চিকিৎসক ডা. সংগীতা দেবী।


এনেস্থেসিয়া বিভাগের কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন ডা. জনি লাল দাস। সহযোগিতায় ছিলেন ডা. আফরিন জাহান আইয়ুব, আবাসিক মেডিকেল অফিসার ডা. বোরহান আহমদ রানা। এছাড়াও মেডিকেল অফিসার ডা. হিল্লোল সাহা, ডা. সুজয় চৌধুরীসহ সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ, আয়া এবং অন্যান্য কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।


স্থানীয়দের ভাষ্য, এতদিন জৈন্তাপুরের গর্ভবতী মায়েদের সিজারিয়ান সেবার জন্য দূরের হাসপাতালে ছুটতে হতো। এতে সময়, অর্থ ও ভোগান্তি বাড়ত কয়েকগুণ। এখন নিজ উপজেলাতেই এ সেবা চালু হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে বলে মনে করছেন তারা।


এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এন. ইসলাম মোহাম্মদ ফারুক বলেন, “জৈন্তাপুরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সাময়িকভাবে বন্ধ থাকা সিজারিয়ান সেবা পুনরায় চালু করতে সক্ষম হওয়ায় আমরা আনন্দিত। এখন থেকে উপজেলার গর্ভবতী মায়েরা নিজ উপজেলাতেই নিরাপদ মাতৃসেবা গ্রহণ করতে পারবেন। সরকারি স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা আরও বাড়বে বলে আমরা আশা করছি।”


তিনি আরও জানান, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বহির্বিভাগে নিয়মিত বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসার জন্য সেখানে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন channeljaintanews24.com