মামলা প্রত্যাহারের দাবিতে ১৯ মে থেকে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
সিলেট।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের সড়ক পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।
পরিবহন শ্রমিক নেতারা জানিয়েছেন, আগামী ১৮ মে’র মধ্যে মামলা প্রত্যাহার না হলে ১৯ মে মঙ্গলবার ভোর ৬টা থেকে এ কর্মবিরতি শুরু হবে।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে গত ২৭ এপ্রিল দুপুর থেকে বিকাল পর্যন্ত সিলেট কদমতলী বাস টার্মিনাল এলাকায় শ্রমিকদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দুই শ্রমিক পরে মারা যান।
নিহত শ্রমিক ছাবলু মিয়ার বাবা গত ৫ মে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী ময়নুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, সাবেক কোষাধ্যক্ষ সামছুল হক মানিক ও সাবেক সাংগঠনিক সম্পাদক নুর মিয়াসহ ২৯ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত আসামি করা হয় আরও ৬০ জনকে।
এই মামলা প্রত্যাহারের দাবিতেই কর্মবিরতির ঘোষণা দেন পরিবহন শ্রমিক নেতারা।
সভায় নেতারা বলেন, ২৭ এপ্রিলের অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। তবে এ ঘটনাকে কেন্দ্র করে নিরীহ শ্রমিক নেতাদের আসামি করা হয়েছে বলে তারা দাবি করেন।
নেতাদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় ফেডারেশনের বিভাগীয় সভাপতি হাজী ময়নুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন ও কোষাধ্যক্ষ আব্দুস শহিদ নাজিরবাজারে শ্রমিক সংগঠনের নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন। পরে তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখেন বলেও দাবি করা হয়।
সভায় উপস্থিত নেতারা মামলা প্রত্যাহারের দাবিতে ১৯ মে থেকে শুরু হওয়া সর্বাত্মক কর্মবিরতি সফল করতে সিলেট বিভাগের সব পর্যায়ের পরিবহন শ্রমিকদের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সজিব আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।