জৈন্তাপুরে ৪৬৫ পরিবার পেল ফ্যামেলি কার্ড, স্বনির্ভরতার বার্তা মন্ত্রীর
জৈন্তাপুর প্রতিনিধিঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, নারী সমাজ উদ্যোক্তা হয়ে কাজ করলে দেশে আর বেকারত্ব থাকবে না। আত্মসম্মানের কথা চিন্তা না করে কৃষিকাজ ও খাদ্য উৎপাদনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
শনিবার (১৬ মে) বিকেল ৩টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুম-এ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ফ্যামেলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “ফ্যামেলি কার্ড মানে একটি হতদরিদ্র পরিবারের নিম্ন আয়ের সঙ্গে বাড়তি সহায়তা যোগ করা। এটি পাইলটিং প্রকল্প হিসেবে শুরু হলেও ইনশাআল্লাহ আমাদের সরকারের মাধ্যমে পর্যায়ক্রমে পুরো উপজেলায় বাস্তবায়ন করা হবে।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে আমরা দেশকে অনেক দূর এগিয়ে নিতে চাই। এজন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। দেশপ্রেমিক নাগরিক কখনো পরনির্ভরশীল হতে পারে না। তারা দেশের উর্বর মাটিকে কাজে লাগিয়ে স্বনির্ভর হতে জানে।”
বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে জৈন্তাপুর উপজেলা, গোয়াইনঘাট উপজেলা ও কোম্পানীগঞ্জ উপজেলা-সহ এই জনপদকে একটি মডেল এলাকায় রূপান্তরিত করা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়-এর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব-এর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সারওয়ার আলম, পদ্মাসন সিংহ, আব্দুর রফিক, সদ্য বিদায়ী ইউএনও গোলাম মোস্তফা, এএসপি (সার্কেল) সালমান নূর আলম, মোঃ মাহবুবুর রহমান মোল্লাসহ প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ইন্তাজ আলী, বাহারুল আলম বাহার, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জৈন্তাপুর প্রেসক্লাব-এর সভাপতি গোলাম সরওয়ার বেলাল, বিএনপি নেতা মুহিবুল হক মুহিব, ইলিয়াস উদ্দিন লিপু, আলতাফ হোসেন বিলাল, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জিলানী প্রমুখ।
স্বাবলম্বী পরিবার গড়ার লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পাইলটিং প্রকল্প হিসেবে ফ্যামেলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হয়। এর অংশ হিসেবে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ৪৬৫টি পরিবারকে ফ্যামেলি কার্ডের আওতায় আনা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সরকারি কলেজ থেকে আনুষ্ঠানিক উদ্বোধনের পর মন্ত্রী আরিফুল হক চৌধুরী জৈন্তাপুর উপজেলা হলরুমে উপস্থিত উপকারভোগী পরিবারের নারীদের হাতে ফ্যামেলি কার্ড তুলে দেন।
অনুষ্ঠানের আগে জৈন্তাপুর প্রেসক্লাব-এর নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।