Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

প্রেমের ফাঁদে ডেকে অশ্লীল ভিডিও ধারণ, পরে ১০ লাখ টাকা চাঁদা দাবি: সিলেটে ‘হানি ট্র্যাপ’ চক্রের সদস্য গ্রেপ্তার

১৪ মে ২০২৬ • ০৩:২৬ পূর্বাহ্ন


সিলেট, ৬মে।

প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে তরুণদের অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগে একটি ‘হানি ট্র্যাপ’ চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।


র‌্যাব-৯ জানায়, সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার রণকেলী এলাকার বাসিন্দা মাহমুদুল হাসান রিফাত (২৫) পূর্ব পরিচয়ের সূত্রে এক ব্যক্তির মাধ্যমে এক নারীর সঙ্গে পরিচিত হন। পরে মোবাইল ফোনে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ গড়ে ওঠে।


গত ৯ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে ওই নারীর সঙ্গে দেখা করতে রিফাত তার এক বন্ধুকে নিয়ে সিলেট নগরীর কোতোয়ালি মডেল থানাধীন যতিরপুর এলাকার একটি বাসায় যান। সেখানে আগে থেকে ওত পেতে থাকা চক্রের সদস্যরা পরিকল্পিতভাবে তাদের জিম্মি করে। এ সময় ধারালো চাকু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি তাদেরকে বৈদ্যুতিক শক দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।


এক পর্যায়ে ভুক্তভোগীদের পোশাক খুলে অশ্লীল ভিডিও ধারণ করা হয়। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চক্রটি ভুক্তভোগীদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।


র‌্যাব জানায়, অভিযুক্তরা ভুক্তভোগীদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, নগদ ১৫ হাজার টাকা, একটি রুপার চেইন ও একটি রুপার ব্রেসলেট নিয়ে যায়। মান-সম্মানের ভয়ে ভুক্তভোগীরা পরিচিতজনদের কাছ থেকে ধার করে বিভিন্ন বিকাশ নম্বরের মাধ্যমে ৯০ হাজার টাকা পরিশোধ করেন।


এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সিলেটের কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং অভিযানে নামে।


র‌্যাব-৯ এর সদর কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৬ মে) দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে সিলেটের শাহপরান থানাধীন মীরের চক এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত পলাতক আসামি বকুল আহমদ জিহাদ (৩০)-কে গ্রেপ্তার করে। তিনি গোলাপগঞ্জ উপজেলার তুরুকবাগ এলাকার রমিজ উদ্দিনের ছেলে।


র‌্যাব জানায়, এর আগে একই মামলার আরও একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


র‌্যাব-৯ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com