Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সুনামগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

হাওর রক্ষায় প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার দাবি কৃষকদের

১৩ মে ২০২৬ • ১০:৪১ অপরাহ্ন

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের হাওরাঞ্চলে বন্যা ও অকাল প্লাবনের ঝুঁকি কমাতে প্রযুক্তিনির্ভর টেকসই হাওর রক্ষা উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন কৃষকেরা।


কৃষকের ভাবনায় বলা হয়েছে, কৃষিনির্ভর হাওরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকা সম্পূর্ণভাবে হাওরের ওপর নির্ভরশীল হওয়ায় সামান্য দুর্যোগও ব্যাপক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে বোরো ধান কাটার মৌসুমে বাঁধ ভেঙে গেলে কৃষকের সারা বছরের পরিশ্রম মুহূর্তেই নষ্ট হয়ে যায়।


এ পরিস্থিতিতে কেবল অর্থ বরাদ্দ নয়, বরং আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। কৃষকেরা বলছেন, বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণে এক্সকাভেটর ও ভেকু-এর মতো আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়ানো জরুরি। উপজেলা পর্যায়ে এসব যন্ত্র সংরক্ষণ করা গেলে দুর্যোগের সময় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।


বর্তমানে বাঁধ নির্মাণ ও মেরামতে দেরি এবং কাজের মান নিয়ে প্রশ্ন ওঠে বলে উল্লেখ করা হয়। উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রণে নিজস্ব যন্ত্রপাতি থাকলে ঠিকাদারের ওপর নির্ভরতা কমবে এবং সময় ও ব্যয় সাশ্রয়ের পাশাপাশি কাজের মানও নিশ্চিত হবে বলে কৃষকেরা মনে করেন।


হাওরপাড়ের কৃষকেরা আরও বলেন, হাওর রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে স্যাটেলাইট মনিটরিং, ড্রোন সার্ভে ও ডিজিটাল ম্যাপিং ব্যবহারের মাধ্যমে ঝুঁকিপূর্ণ বাঁধ আগেভাগেই শনাক্ত করা সম্ভব। পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তোলারও আহ্বান জানানো হয়েছে।


বিশেষজ্ঞদের মতে, হাওর অঞ্চলের নদী ও খাল নিয়মিত খনন করা জরুরি। এতে পানির স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে এবং আকস্মিক প্লাবনের ঝুঁকি কমবে, ফলে কৃষকদের ক্ষতি অনেকাংশে হ্রাস পাবে।


কৃষকেরা আশা প্রকাশ করেন, সরকার দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করে উপজেলা পর্যায়ে আধুনিক যন্ত্রপাতি সংরক্ষণ, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা ও নদী-খাল খনন কার্যক্রম জোরদার করলে হাওরাঞ্চলের টেকসই উন্নয়ন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস সম্ভব হবে।

বিজ্ঞাপন channeljaintanews24.com