Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ১৩ মে ২০২৬ | ০৯:৫৩ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

কোরবানির চামড়ার দাম বাড়ল প্রতি বর্গফুটে ২ টাকা, লবণ দেবে সরকার

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ১৩ মে ২০২৬ | ০৯:৫৩ অপরাহ্ন

ঢাকা, — আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার। এ বছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।


নতুন নির্ধারিত দামে ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম হবে ৬২ থেকে ৬৭ টাকা। গত বছর এ দাম ছিল ৬০ থেকে ৬৫ টাকা। এছাড়া ঢাকার বাইরে গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ৫৭ থেকে ৬২ টাকা, যা গত বছর ছিল ৫৫ থেকে ৬০ টাকা।


বুধবার (১৩ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে “কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির” সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।


সভায় আরও জানানো হয়, এ বছর খাসির লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এই দাম ঢাকা ও ঢাকার বাইরের জন্য সমানভাবে কার্যকর থাকবে।


সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, চামড়া সংরক্ষণের জন্য এবারও সরকার ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ বিনামূল্যে সরবরাহ করবে। প্রতিটি এলাকায় ব্যবসায়ী, মসজিদ ও মাদ্রাসার মাধ্যমে চামড়া সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।


তিনি বলেন, “আগামী কোরবানির ঈদে কোনো চামড়া যেন নষ্ট না হয়, সেজন্য সরকার কাজ করছে। জেলা ও উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট মসজিদ-মাদ্রাসার প্রতিনিধিদের প্রশিক্ষণ দেবে, যাতে তারা কোরবানির পর সঠিকভাবে চামড়া সংরক্ষণ করতে পারেন।”


বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, ধর্ম মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম অংশ নেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৩.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com