ফ্রান্স প্রতিনিধি: ফ্রান্সের সাম্প্রতিক পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূতদের অংশগ্রহণে নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। এতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা-এর কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের টুনু ইসলাম ছালিক মিয়ার মেয়ে তানিয়া তুনু কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
তিনি ফ্রান্সের Garges-lès-Gonesse এলাকায় বামঘরানার একটি রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে এই সাফল্য অর্জন করেন। পেশায় আইনজীবী তানিয়া তুনুর এই বিজয় প্রবাসী বাংলাদেশি নারীদের রাজনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
একই নির্বাচনে আরও চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তারা হলেন—নাহিদুল মোহাম্মদ ও কৌশিক রাব্বানী (Saint-Denis), ফাহিম মোহাম্মদ (Créteil) এবং জুবায়েদ আহমেদ (Ivry-sur-Seine)।
এতে ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক সম্পৃক্ততা আরও জোরদার হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
নির্বাচনে বিজয়ের পর প্রতিক্রিয়ায় তানিয়া তুনু বলেন, মানুষের আস্থা ধরে রেখে তাদের প্রত্যাশা পূরণে কাজ করতে চান তিনি। স্থানীয় উন্নয়ন ও জনকল্যাণই হবে তার অগ্রাধিকার।
রোববার (২২ মার্চ) অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে ফ্রান্সের বড় শহরগুলোতে বামপন্থি জোট নিজেদের অবস্থান ধরে রাখলেও ডানপন্থি ও কট্টর ডানপন্থি শক্তির অগ্রগতি দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে।
ফ্রান্সের পৌর নির্বাচনি ব্যবস্থায় ভোটাররা সরাসরি ব্যক্তি নয়, বরং একটি পূর্ণাঙ্গ প্রার্থী তালিকার পক্ষে ভোট দেন। প্রাপ্ত ভোটের অনুপাতে তালিকা থেকে প্রার্থীরা নির্বাচিত হন।
বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে অভিবাসী সম্প্রদায়ের ক্রমবর্ধমান অংশগ্রহণ ভবিষ্যতে ফ্রান্সের স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।