Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি মৌলভীবাজার রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
স্টেপনি গ্রিন ওয়ার্ডে বিপুল ভোটে জয়, দেশে-প্রবাসে অভিনন্দনের ঢল

টানা চতুর্থবার লন্ডনে কাউন্সিলর নির্বাচিত কুলাউড়ার সাবিনা আক্তার

১১ মে ২০২৬ • ০৮:৩৫ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি।

যুক্তরাজ্যের লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা আক্তার টানা চতুর্থবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়ে নতুন ইতিহাস গড়েছেন। কুলাউড়ার এই কৃতি কন্যা স্টেপনি গ্রিন ওয়ার্ড থেকে বিপুল ভোটে জয়লাভ করেন।


গত শনিবার (৯ মে) ঘোষিত ফলাফলে দেখা যায়, অ্যাসপায়ার পার্টির প্রার্থী সাবিনা আক্তার ১ হাজার ৯৪০ ভোট পেয়ে বড় ব্যবধানে বিজয়ী হন। তার এই অর্জনে যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিসহ নিজ জন্মভূমি মৌলভীবাজারের কুলাউড়া ও বরমচালে আনন্দ ও শুভেচ্ছার ঢল নেমেছে।


সাবিনা আক্তার মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ওসমানপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বিশিষ্ট সমাজসেবক ফারুক উদ্দিন সুন্দরের কন্যা।


বর্তমানে তিনি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্টেপনি গ্রিন ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কাউন্সিলের গুরুত্বপূর্ণ বিভাগ ‘স্বাস্থ্য, জনকল্যাণ ও প্রাপ্তবয়স্কদের সামাজিক সেবা’ (Health, Wellbeing and Adult Social Care)-বিষয়ক ক্যাবিনেট সদস্য হিসেবেও দায়িত্বে আছেন।


রাজনীতিতে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২০ বছর তিনি ঐতিহ্যবাহী লেবার পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং টাওয়ার হ্যামলেটস লেবার গ্রুপের ডেপুটি লিডার হিসেবেও দায়িত্ব পালন করেন।


২০১৭ সালে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী স্পিকার নির্বাচিত হয়ে তিনি ইতিহাস সৃষ্টি করেন।


পরবর্তীতে ২০২৪ সালের জুনে দলীয় নীতি নিয়ে মতবিরোধের কারণে তিনি লেবার পার্টি থেকে পদত্যাগ করে অ্যাসপায়ার পার্টিতে যোগ দেন এবং রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখেন।


ব্যক্তিগত ও সামাজিক জীবনে সাবিনা আক্তার প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। বিশেষ করে প্রবীণদের সেবায় একাকীত্ব দূরীকরণ, সামাজিক অনুষ্ঠান আয়োজন এবং স্বাস্থ্যসেবা উন্নয়নে তার ভূমিকা প্রশংসিত।


নিজ জন্মভূমি কুলাউড়া ও বরমচালে শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক সহায়তা ও মানবিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। দেশে এলে তিনি অত্যন্ত সাধারণভাবে মানুষের সঙ্গে মিশে যান, যা তাকে আরও জনপ্রিয় করে তুলেছে।


টানা চতুর্থবারের এই বিজয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সাবিনা আক্তারের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছার বন্যা বইছে। প্রবাসে বাংলাদেশের মুখ উজ্জ্বল করা এই কৃতী নারীর সাফল্যে গর্বিত পুরো দেশ।

বিজ্ঞাপন channeljaintanews24.com