ঋণ নিয়ে গড়া খামারে সর্বনাশ, এক রাতে শেষ ২ হাজার মুরগী
ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি।
সুনামগঞ্জের ছাতক পৌর শহরের ৬নং ওয়ার্ডের বাগবাড়ি মহল্লায় রহস্যজনকভাবে প্রায় ২ হাজার মুরগীর মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খামারি হুসিয়ার আলী দাবি করেছেন, ভোর রাতে কে বা কারা তার খামারের দ্বিতীয় তলায় উঠে এক পাশ থেকে বিষমিশ্রিত স্প্রে ছিটিয়ে দেয়, যার ফলে একে একে মুরগীগুলো মারা যায়।
ক্ষতিগ্রস্ত খামারি হুসিয়ার আলী জানান, তার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই খামারের আয় দিয়েই পরিবারের ভরণপোষণ ও সন্তানদের লেখাপড়ার খরচ চালাতেন তিনি।
কান্নাজড়িত কণ্ঠে তিনি সাংবাদিকদের বলেন, “বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে আমি এই খামার গড়ে তুলেছি। এখন আমি পুরোপুরি নিঃস্ব হয়ে গেছি।”
তিনি আরও জানান, ঘটনার বিষয়ে ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন এবং আইন প্রয়োগকারী সংস্থার কাছে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
স্থানীয়দের মধ্যেও এ ঘটনাকে ঘিরে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।