Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি জাতীয় রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

জাতিসংঘে আরিফুল হকের আহ্বান: অভিবাসীদের শ্রমিক নয়, অধিকারসম্পন্ন মানুষ হিসেবে দেখতে হবে

০৭ মে ২০২৬ • ১১:৩৩ অপরাহ্ন

নিউইয়র্ক,   অভিবাসন ব্যবস্থাপনায় আরও কার্যকর ও সমন্বিত বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা, নির্ভুল তথ্যব্যবস্থা গড়ে তোলা এবং বৈষম্য ও ভ্রান্ত তথ্য মোকাবিলায় এখনই দৃঢ় ও সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি।


বুধবার(৬ মে) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামের মাল্টি-স্টেকহোল্ডার রাউন্ড টেবিল-৪–এ সহ-সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, অভিবাসী শ্রমিকদের কেবল “ব্যবহারযোগ্য শ্রমশক্তি” হিসেবে নয়, বরং পূর্ণ অধিকারসম্পন্ন মানুষ হিসেবে বিবেচনা করতে হবে। তিনি অভিবাসন সংক্রান্ত নির্ভুল, বিশ্লেষণভিত্তিক ও তুলনাযোগ্য তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করে জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি, আন্তঃসংস্থা সমন্বয় জোরদার এবং ব্যক্তিগত গোপনীয়তা ও মানবাধিকারের সুরক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।


আরিফুল হক চৌধুরী বলেন, বহুমুখী সেবাকেন্দ্র, ডিজিটাল প্ল্যাটফর্ম ও কমিউনিটিভিত্তিক উদ্যোগের মাধ্যমে অভিবাসনের প্রতিটি পর্যায়ে সঠিক ও সময়োপযোগী তথ্য নিশ্চিত করা প্রয়োজন।


গৃহকর্মী, কৃষি ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের উচ্চ ঝুঁকির বিষয়টি উল্লেখ করে তিনি শোষণ ও অনিরাপদ কর্মপরিবেশ প্রতিরোধে অধিকারভিত্তিক দৃষ্টিভঙ্গি গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি জেনোফোবিয়া ও ভ্রান্ত তথ্যনির্ভর অভিবাসনবিরোধী প্রচারণা মোকাবিলায় জবাবদিহিতা, ডিজিটাল সাক্ষরতা এবং অন্তর্ভুক্তিমূলক জনআলোচনা জোরদারের ওপরও গুরুত্ব দেন।


দ্বিপাক্ষিক ও বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, মর্যাদা, সুরক্ষা ও সবার কল্যাণ নিশ্চিত করতে অভিবাসন ব্যবস্থাপনায় “সমগ্র সরকার ও সমগ্র সমাজ”ভিত্তিক সমন্বিত পদ্ধতি গ্রহণ অপরিহার্য।

বিজ্ঞাপন channeljaintanews24.com