Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট–সুনামগঞ্জে পাথর কোয়ারি ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ সরকারের

০৭ মে ২০২৬ • ০৬:২০ অপরাহ্ন

সিলেট। 

সিলেট ও সুনামগঞ্জ জেলার পাথর ও বালুমিশ্রিত কোয়ারিগুলো পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করে সীমিত আকারে ইজারা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে একটি জরিপ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সিলেট বিভাগীয় কমিশনারকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হচ্ছে।


বৃহস্পতিবার (০৭ মে) সচিবালয়ে “সিলেট বিভাগের পাথর ও বালুমিশ্রিত পাথর কোয়ারির সর্বশেষ অবস্থা ও করণীয়” বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।


তিনি বলেন, পরিবেশগত ঝুঁকি, আদালতের নির্দেশনা ও পর্যটন এলাকা সংরক্ষণের বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিশেষ করে জাফলংয়ের মতো সংরক্ষিত এলাকা বাদ রেখে অন্যান্য স্থানে সীমিত পরিসরে পাথর উত্তোলনের সম্ভাবনা যাচাই করা হবে।


মন্ত্রী জানান, জরিপ পরিচালনার জন্য গঠিত কমিটিতে সিলেট ও সুনামগঞ্জের জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর, পানি সম্পদ মন্ত্রণালয়, জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশ, খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি, দুই জেলার পুলিশ সুপার এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক অন্তর্ভুক্ত থাকবেন।


কমিটি মাঠপর্যায়ে সরেজমিন পরিদর্শন করে নদীর প্রবাহ, সীমান্ত এলাকার ভাঙন ঝুঁকি, পরিবেশগত প্রভাব এবং কত গভীরতা পর্যন্ত পাথর উত্তোলন নিরাপদ হবে—তা নির্ধারণ করে সুপারিশ দেবে।


এছাড়া বিছানাকান্দি, ভোলাগঞ্জ ও সাদা পাথরের মতো পর্যটন সম্ভাবনাময় এলাকাগুলো সংরক্ষণের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে বলে জানান মন্ত্রী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পাথর লুটপাট প্রতিরোধে পুলিশ সুপারদেরও কমিটিতে রাখা হয়েছে।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পরিবেশ সংরক্ষণ, আইনশৃঙ্খলা ও জনস্বার্থ—সব দিক বিবেচনায় নিয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে। চলতি মাসের শেষে কমিটির প্রতিবেদন পাওয়া যাবে এবং জুনের প্রথম সপ্তাহে আবার বৈঠক অনুষ্ঠিত হবে।”


তিনি আরও জানান, পাথর কোয়ারি সংক্রান্ত বিভিন্ন মামলা ও আদালতের নির্দেশনা বিবেচনায় রেখে আইন মন্ত্রণালয় ও অ্যাটর্নি জেনারেলের অফিসের সঙ্গে সমন্বয় করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন channeljaintanews24.com