Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সুনামগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

ফসলহানিতে ক্ষতিগ্রস্ত হাওর কৃষকদের পাশে সরকার, তিন মাসের মানবিক সহায়তা কর্মসূচি চালু

০৭ মে ২০২৬ • ০৫:৫৪ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি। 


সুনামগঞ্জের হাওরাঞ্চলে ফসলহানিতে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলোর দুর্দশা লাঘবে সরকার তিন মাসের মানবিক সহায়তা কর্মসূচি চালু করেছে।


মঙ্গলবার (০৫ মে) সুনামগঞ্জ সার্কিট হাউসে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এ তথ্য জানান।


তিনি বলেন, অতিবৃষ্টির কারণে বোরো ফসল নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকার এ উদ্যোগ নিয়েছে। প্রয়োজনে ভবিষ্যতেও সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে তিনি ইঙ্গিত দেন। হাওরাঞ্চলের খাদ্য উৎপাদন দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ করে তিনি দ্রুত ও সঠিক তালিকা প্রণয়ন করে সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।


সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ (ইয়াছিন)। তিনি জানান, হাওরাঞ্চলের কৃষি রক্ষায় সমন্বিত পরিকল্পনার অংশ হিসেবে খাল খনন, সুইসগেট নির্মাণ, হারভেস্টার সরবরাহ, চারা ও সার বিতরণ এবং কৃষিঋণ সুবিধা নিশ্চিত করা হবে।


প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল তিতুমীর হাওর এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এবিএম আবদুস সাত্তার বলেন, হাওর অঞ্চলের কৃষক উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে।


সভায় সভাপতিত্ব করেন সিলেটের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান। এতে স্থানীয় সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসকসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।


সভা শেষে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের মানবিক সহায়তা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বিজ্ঞাপন channeljaintanews24.com