Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ | ০৫:৪৬ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

টিকাদান কর্মসূচি জোরদারে বড় পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ | ০৫:৪৬ অপরাহ্ন

নিউজ ডেস্ক। 

দেশে টিকাদান কার্যক্রম আরও জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন।


বুধবার (০৬ মে) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ ইউনিসেফের মাধ্যমে আসা হাম-রুবেলার ১৫ লাখ ডোজ এবং টিটেনাস ও ডিপথেরিয়া (টিডি)-এর ৯ লাখ ডোজ ভ্যাকসিন গ্রহণকালে তিনি এ কথা বলেন। কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইটে এসব টিকা দেশে পৌঁছায়।


এ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের কিছু সিদ্ধান্তের কারণে ইপিআই কর্মসূচি ক্ষতিগ্রস্ত হলেও বর্তমান সরকার এটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ওপেন টেন্ডারের পরিবর্তে সরাসরি ইউনিসেফ-এর মাধ্যমে ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে এবং তা দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে।


তিনি জানান, সরকার ইতোমধ্যে ৮৩ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার ইউনিসেফকে প্রদান করেছে। এর মাধ্যমে ১০ ধরনের প্রায় ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে। গত ৩ মে প্রথম চালানে ১৫ লাখের বেশি ডোজ আইপিভি ভ্যাকসিন দেশে পৌঁছেছে। এছাড়া ১০ মে’র মধ্যে আরও প্রায় ১ কোটি ৮০ লাখ ডোজ এমআর, টিডি, বিসিজি, টিসিভি, ওরাল পোলিও ভ্যাকসিন (ওপিভি) এবং পেন্টা ভ্যাকসিন দেশে পৌঁছাবে বলে জানান তিনি।


মন্ত্রী বলেন, বর্তমানে দেশে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬” চলমান রয়েছে। ৫ মে পর্যন্ত ১ কোটি ৬৮ লাখের বেশি শিশু টিকা পেয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ৯৩ শতাংশ। খুব শিগগিরই শতভাগ কভারেজ অর্জন সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।


তিনি আরও জানান, দেশে টিসিভি ও এইচপিভি ভ্যাকসিনের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং নতুন সরবরাহের ফলে আগামী ৮ থেকে ১২ মাস ভ্যাকসিনের কোনো ঘাটতি হবে না। কোল্ড চেইন ব্যবস্থার মাধ্যমে ভ্যাকসিনের গুণগত মান নিশ্চিত করা হচ্ছে এবং এ ক্ষেত্রে ইউনিসেফ কারিগরি সহায়তা দিচ্ছে।


সকল অভিভাবক, শিক্ষক, কমিউনিটি লিডার ও ধর্মীয় নেতাদের শিশুদের টিকাদান নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।


প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, স্বাস্থ্য সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার উপস্থিত ছিলেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৭.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com