Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ | ০৫:৪১ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেটে ১২ লাখের বেশি মানুষকে হাম-রুবেলা টিকা প্রদান

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ | ০৫:৪১ অপরাহ্ন


সিলেট বিভাগে হাম-রুবেলা জরুরি টিকাদান কর্মসূচির আওতায় লক্ষ্যমাত্রার ৯৬ দশমিক ৩৮ শতাংশ টিকাদান সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।


বৃহস্পতিবার (০৭ মে) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ে আয়োজিত হাম-রুবেলা টিকাদান বিষয়ক বিভাগীয় সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের আয়োজনে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম।


সভাপতির বক্তব্যে তিনি বলেন, “হাম-রুবেলা একটি অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছিল। তবে সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপের ফলে এখন পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং সর্বত্র টিকা পাওয়া যাচ্ছে।”


তিনি জানান, সিলেট বিভাগে হাম-রুবেলা জরুরি টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা ছিল ১৩ লাখ ২৩ হাজার ৯৬৬ জন। এর মধ্যে ১২ লাখ ৪৭ হাজার ৮৩৫ জনকে টিকা প্রদান করা হয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ৯৬ দশমিক ৩৮ শতাংশ।


তিনি আরও বলেন, জরুরি টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে সংশ্লিষ্ট সকলের নিরলস প্রচেষ্টার ফলেই এ অগ্রগতি অর্জিত হয়েছে। পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টায় শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।


সভায় জানানো হয়, সিলেট স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সকল উপজেলা ও জেলা সদর হাসপাতালে আনুপাতিক হারে আইসোলেশন শয্যা প্রস্তুত রাখা হয়েছে। সিলেট শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতাল-এ আইসোলেশন ওয়ার্ড ও ৫ শয্যার পিআইসিইউ চালু করা হয়েছে। এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ১০ শয্যার পিআইসিইউ চালু রয়েছে।


এছাড়া হাম-রুবেলা জরুরি টিকাদান কর্মসূচি চলমান রয়েছে এবং জনসচেতনতা বৃদ্ধিতে স্বাস্থ্যকর্মীরা মাঠপর্যায়ে আন্তঃব্যক্তিক যোগাযোগ কার্যক্রম পরিচালনা করছেন।


সমন্বয় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. মো. জাহিদুল ইসলাম, ডা. মো. নাসির উদ্দিন, রাখী রাণী দাস এবং ডা. সুফী মো. খালিদ বিন লুৎফর। এসময় সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৭.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com