Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ | ০৯:৪১ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

বিজ্ঞানচর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে সিলেটে বিজ্ঞান মেলার প্রস্তুতি সভা

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ | ০৯:৪১ পূর্বাহ্ন

সিলেট বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (০৬ মে) বিভাগীয় কমিশনার কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত স্টল নির্মাণ, সাজসজ্জা ও প্রচার উপকমিটির এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান।


সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, জেলা পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের অংশগ্রহণে এ বিজ্ঞান মেলার আয়োজন করা হবে, যা শিশু-কিশোরদের বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।


অতিরিক্ত বিভাগীয় কমিশনার আরও বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও জ্ঞান বিনিময়ের ক্ষেত্র তৈরি করতেও এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


তিনি জানান, মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করবেন। এছাড়া দ্বিতীয় দিনে কুইজ প্রতিযোগিতা ও সেমিনারের আয়োজন করা হবে।


মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও আইডি কার্ড বহন এবং শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয় সভায়।


এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা, অতিরিক্ত জেলা প্রশাসক সাইদা পারভীন, সিনিয়র সহকারী কমিশনার উম্মে সালিক রুমাইয়াসহ জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন স্কুল-কলেজের প্রধানগণ উপস্থিত ছিলেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৭.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com