Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি জাতীয় রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

লাইসেন্সকৃত অস্ত্র ফেরত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন নির্দেশনা

০৭ মে ২০২৬ • ০৯:৩৮ পূর্বাহ্ন

ঢাকায় অনুষ্ঠিত জেলাপ্রশাসক সম্মেলনে অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


বুধবার (০৬ মে ) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলন ২০২৬-এর চতুর্থ দিনের তৃতীয় অধিবেশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।


মন্ত্রী বলেন, সম্মেলনে মাঠ প্রশাসনে শৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি জানান, জাতীয় নির্বাচনকে সামনে রেখে পূর্বে জমা দেওয়া লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র দ্রুত ফেরত দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।


এ বিষয়ে তিনটি ক্যাটাগরিতে আগ্নেয়াস্ত্র ফেরতের কথা উল্লেখ করা হয়—২০০৯ সালের ০৬ জানুয়ারির পূর্বের লাইসেন্স, ২০২৪ সালের ০৫ আগস্টের পর লাইসেন্স এবং ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে রাজনৈতিক বিবেচনায় দেওয়া লাইসেন্সগুলোর যাচাই-বাছাই শেষে বৈধ হিসেবে বিবেচিত অস্ত্র।


স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জমা না দেওয়া প্রায় ১০ হাজার অবৈধ অস্ত্র উদ্ধারে সাঁড়াশি অভিযান জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।


ভুয়া ও ‘গায়েবি’ মামলা প্রসঙ্গে তিনি বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত কমিটি এসব মামলা যাচাই করবে। ভুক্তভোগীরা নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন এবং যাচাই শেষে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে সিআরপিসি ৪৯৪ ধারা অনুযায়ী মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে। নিরপরাধ ব্যক্তি ও সাংবাদিকদের হয়রানি এড়াতে তদন্ত কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।


আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নিরাপত্তা জোরদারে সড়ক-মহাসড়ক ও রেলপথের পাশে পশুর হাট না বসানো, বড় হাটে জালনোট শনাক্তকরণ মেশিন স্থাপন এবং পুলিশকে বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদের সাত দিন আগে পুলিশ সদর দপ্তরে কেন্দ্রীয় মনিটরিং সেল চালু করা হবে এবং মহাসড়ক সিসিটিভির আওতায় রাখা হবে।


তিনি আরও জানান, ফেরিঘাটে নিরাপত্তা নিশ্চিত করতে মাইকিং ও সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন করা হবে।


চামড়া শিল্প সংরক্ষণে উপজেলা পর্যায়ে বিনামূল্যে লবণ সরবরাহের সিদ্ধান্তের কথাও জানান মন্ত্রী। পাশাপাশি চামড়া সংরক্ষণ ও পরিবহনে সঠিক ব্যবস্থাপনা নিশ্চিতে জেলাপ্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।


সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সম্ভাব্য পুশব্যাক মোকাবিলায় বিজিবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। মাদক, জুয়া ও অনলাইন বেটিংয়ের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতিও পুনর্ব্যক্ত করেন তিনি।


প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মোঃ আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com