মাদক ও বিপথগামিতা রুখতে খেলাধুলার বিকল্প নেই: নজরুল ইসলাম মুনিম
সিলেট মহানগর বিএনপির ১৪নং ওয়ার্ডের সাবেক সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সদ্য সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেছেন, তরুণ প্রজন্মকে সুস্থ ও সবল রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক, ডিজিটাল আসক্তি এবং সব ধরনের বিপথগামিতা থেকে দূরে রাখতে।
তিনি বলেন, তারেক রহমান ২০২৬ সালে দেশের নতুন প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে গড়ে তুলতে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছেন, যার মূল লক্ষ্য তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং ক্রীড়াকে একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা করা।
তিনি আরও বলেন, তরুণরা যদি খেলাধুলার মাঠে ব্যস্ত থাকে, তবে সমাজ থেকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে দূর করা সম্ভব। ছাত্রদল কেবল রাজপথের আন্দোলনেই নয়, সামাজিক ও সৃজনশীল কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে—এই আয়োজন তারই প্রমাণ।
রবিবার (৩ মে) রাতে সিলেট মহানগর ১৪নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-১)’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয় গত ১ মে (শুক্রবার) কদমতলীস্থ লেটস ফুটবল ইনডোরে।
অনুষ্ঠানে ১৪নং ওয়ার্ড ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান নাজিরের সভাপতিত্বে এবং মহানগর ছাত্রদল নেতা আকিব শাহ্ ও সরকারি কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ রাহাতের যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও ছড়ারপাড় যুব উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক ইকবাল আহমদ মাসুম।
এছাড়াও উপস্থিত ছিলেন লায়েক আহমদ, উমন আহমদ, জামান খান, পাশা আহমদ, আফজাল আহমদ, আবিদ আহমদ, পরিচালনা কমিটির সদস্য হাসান উদ্দিন রিফাত, লাহিম আহমদ রানা, রাকিব শাহ, জুম্মান আহমদ, সজিব আহমদ প্রমুখ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জুনাইদ আহমদ।
টুর্নামেন্টের সমাপনী দিনে চূড়ান্ত ম্যাচ শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।