তাহিরপুর প্রতিনিধি।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৪২ পিস ইয়াবা, নগদ টাকা ও একটি মোটরসাইকেলসহ আল ফয়সাল (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক আল ফয়সাল উপজেলার বাদাঘাট ইউনিয়নের ননাই গ্রামের মৃত সুজাত মিয়ার ছেলে। রবিবার (৩ মে) রাতে বাদাঘাট বাজারের কালীবাড়ি এলাকায় সন্দেহভাজন অবস্থায় তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল ইসলাম-এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ১৫০ সিসি মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়।
পরে দেহ তল্লাশি করে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ১ লাখ ৪ হাজার ৮০০ টাকা এবং অন্যান্য নগদ অর্থ জব্দ করা হয়। পুলিশের ধারণা, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।
বাদাঘাট তদন্ত ক্যাম্পের ইনচার্জ নাজমুল ইসলাম বলেন, “যেখানে মাদক, সেখানেই অভিযান চলবে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। প্রতিটি ইউনিয়ন ও গ্রামকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।