দিরাই-শাল্লার উন্নয়নে প্রশাসনকে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজের আহ্বান এমপি নাছির উদ্দীনের
দিরাই (সুনামগঞ্জ): সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
সোমবার (৪ এপ্রিল) দিরাই উপজেলা প্রশাসনের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ঘূর্ণিঝড় ও জলাবদ্ধতার কারণে হাওরাঞ্চলের মানুষের জানমাল এবং একমাত্র বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, যা কাটিয়ে ওঠা সহজ নয়। ক্ষতিগ্রস্ত হাওরবাসীর পাশে দাঁড়াতে তিনি ঢাকা থেকে দিরাই-শাল্লায় এসেছেন বলেও উল্লেখ করেন।
এমপি নাছির উদ্দীন চৌধুরী জানান, তিনি কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে সরকারের সহায়তার আশ্বাস পৌঁছে দিয়েছেন এবং আগামী তিন মাস হাওরবাসীর পাশে থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, উপজেলা পর্যায়ের উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। বিভিন্ন দফতরের সমস্যা লিখিতভাবে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান।
নিজের পূর্ব অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ১৯৯৬ সালে সংসদ সদস্য থাকলেও বিরোধী দলে থাকার কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হয়নি। তবে এবার সরকার দলের এমপি হিসেবে দিরাই-শাল্লার যোগাযোগ, স্বাস্থ্য ও শিক্ষা খাতে কার্যকর উন্নয়ন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।
তিনি জানান, ইতোমধ্যে দিরাই-শ্যামারচর ও দিরাই-রজনীগঞ্জ সড়ক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টায় দিরাই-শাল্লাকে একটি উন্নত ও পরিকল্পিত উপজেলায় রূপান্তর করা সম্ভব।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম সৌরভ, দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী, উপজেলা প্রকৌশলী মো. ইফতেখার হুসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী, দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রশান্ত দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় বক্তারা দিরাই-শাল্লাকে একটি উন্নত ও পরিকল্পিত উপজেলায় রূপান্তরে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।