কোম্পানীগঞ্জে বালু উত্তোলন অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতে হামলা, ৪ জনকে কারাদণ্ড
সিলেট।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধ বালু উত্তোলন বন্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের ইটপাটকেলের আঘাতে উপজেলা প্রশাসনের চারজন কর্মচারী আহত হয়েছেন।
রোববার (৪ মে) রাত আনুমানিক ৮টার দিকে ধলাই ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযানে জড়িত থাকার অভিযোগে চারজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন কোম্পানীগঞ্জের কলাবাড়ী এলাকার মো. তেরা মিয়া (৫৫), দক্ষিণ কলাবাড়ীর মো. মাসুক (৪৫), উত্তর কলাবাড়ীর মো. গিয়াস (৩০) এবং পারুয়া মাঝপাড়া এলাকার মো. মিসছবাহ উদ্দিন (২০)।
অভিযান সূত্রে জানা যায়, ধলাই ব্রিজের নিচে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া-এর নেতৃত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের উপস্থিতিতে প্রশাসনের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় একটি ট্রাক্টর জব্দ করা হয়।
ট্রাক্টর জব্দের পর বালু উত্তোলনের সঙ্গে জড়িত প্রায় ২০০ থেকে ৩০০ জন লোক একত্র হয়ে ভ্রাম্যমাণ আদালতের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। এতে চারজন কর্মচারী আহত হন। তবে ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) অক্ষত থাকেন।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক সাজা প্রদান করা হয়।
ইউএনও মোহাম্মদ রবিন মিয়া জানিয়েছেন, দণ্ডপ্রাপ্তদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।