Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি প্রেস বিজ্ঞপ্তি রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

শ্রমিক সমাবেশে সিসিক প্রশাসক: কম সময়ে উন্নত সেবা নিশ্চিত করতে কর্মীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান

০৫ মে ২০২৬ • ০১:৩৫ অপরাহ্ন

সিলেট: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী কম সময়ে ও মানসম্মত সেবা নিশ্চিত করতে কর্মীদের প্রতি দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।


সোমবার (৪ মে) নগর ভবন প্রাঙ্গণে সিলেট সিটি কর্পোরেশন কর্মচারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।


তিনি বলেন, নগরবাসীকে সেবা প্রদানই সিটি কর্পোরেশনের মূল দায়িত্ব। তাই প্রত্যেক কর্মীকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। কোনো নাগরিক যেন সেবা নিতে গিয়ে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।


সিসিক প্রশাসক আরও বলেন, দীর্ঘদিন ধরে শ্রমিকদের প্রত্যাশিত উন্নয়ন অর্জিত হয়নি। তবে বর্তমান সরকার শ্রমিকবান্ধব বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকদের জীবনমান উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করছেন।


সমাবেশে শ্রমিকরা সাত দফা দাবি উত্থাপন করেন। এসব দাবি সম্পর্কে সহানুভূতিশীল মনোভাব প্রকাশ করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। তিনি একটি উন্নত ও বাসযোগ্য নগর গঠনের লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।


সিলেট সিটি কর্পোরেশন কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রজবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন, সহকারী প্রকৌশলী তানভীর আহমদ তানিম এবং জনসংযোগ কর্মকর্তা (অ.দা.) নেহার রঞ্জন পুরকায়স্থ।


এছাড়া কর্মচারী ও শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা সমাবেশে বক্তব্য রাখেন এবং শ্রমিকদের পক্ষ থেকে বিভিন্ন দাবি ও প্রত্যাশা তুলে ধরেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com