বিশ্বনাথ প্রতিনিধি।
সিলেটের বিশ্বনাথ উপজেলার সাতজন বিএনপি নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির যুক্তরাজ্য শাখার নবগঠিত আহ্বায়ক কমিটিতে স্থান পেয়েছেন।
বিএনপি সূত্রে জানা যায়, ৪১ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটিতে আবুল কালাম আজাদকে আহ্বায়ক এবং খসরুজ্জামান খসরুকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুমোদনক্রমে এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে বিশ্বনাথ উপজেলার যেসব নেতা স্থান পেয়েছেন তারা হলেন— আহ্বায়ক পদে বিশ্বনাথ পৌরসভার আবুল কালাম আজাদ এবং সদস্য পদে হাজী তৈমুছ আলী, মোঃ ফয়জুল হক, গুলজার খান (বিশ্বনাথ পৌরসভা), ড. মুজিবুর রহমান (রামপাশা ইউনিয়ন), হাবিবুর রহমান হাবিব (দৌলতপুর ইউনিয়ন) ও তোফাজ্জল আলম (দশঘর ইউনিয়ন)।
জানা গেছে, যুক্তরাজ্যে দায়িত্ব নেওয়ার আগে এসব নেতারা বাংলাদেশে অবস্থানকালে বিশ্বনাথ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
বিশ্বনাথের সাত নেতার যুক্তরাজ্য বিএনপির কমিটিতে অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান সুমেদ।