Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ০৩ মে ২০২৬ | ১০:৪৯ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

ছাতক ভূমি অফিসে গাড়িচালকের কম্পিউটার ব্যবহার ঘিরে শৃঙ্খলা ও তথ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ০৩ মে ২০২৬ | ১০:৪৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।

সুনামগঞ্জের ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে প্রশাসনিক শৃঙ্খলা ও তথ্য নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, দায়িত্ববহির্ভূত এক ব্যক্তি সরকারি কম্পিউটার ব্যবহার করে বিভিন্ন কাজে যুক্ত ছিলেন।


জানা যায়, মো. ইজাজুল হক নামের ওই ব্যক্তি পূর্বে ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য থাকায় তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর গাড়িচালক হিসেবে কাজ করছেন।


অভিযোগ অনুযায়ী, দায়িত্ব পালনের পাশাপাশি অফিসে অবস্থানের সুযোগে তিনি নিয়মিত ভূমি অফিসের কম্পিউটার ব্যবহার করে বিভিন্ন কাজ করে থাকেন। সম্প্রতি এ সংক্রান্ত একটি ভিডিও স্থানীয় গণমাধ্যমকর্মীদের হাতে আসে। ভিডিওতে তাকে দীর্ঘ সময় ধরে সরকারি কম্পিউটারে কাজ করতে এবং আশপাশে গুরুত্বপূর্ণ কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়।


এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সচেতন মহলের প্রশ্ন—একজন গাড়িচালকের সরকারি প্রশাসনিক কম্পিউটার ব্যবহার কতটা বিধিসম্মত এবং এতে তথ্য নিরাপত্তা কতটা সুরক্ষিত? ভূমি অফিসের এসব কম্পিউটারে খতিয়ান, নামজারি ও অনলাইন মিউটেশনসহ গুরুত্বপূর্ণ ভূমি সংক্রান্ত তথ্য সংরক্ষিত থাকে।


নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সেবাগ্রহীতা জানান, ভূমি অফিসে সাধারণ মানুষ প্রবেশের ক্ষেত্রেও কঠোর নিয়ম মানতে হয়। সেখানে একজন গাড়িচালকের এভাবে কম্পিউটার ব্যবহার প্রশাসনিক শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে এবং বিষয়টি তদন্তের দাবি রাখে।


এ বিষয়ে অভিযুক্ত মো. ইজাজুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কম্পিউটারে কী কাজ করছিলেন—এ প্রশ্নের জবাব না দিয়ে ফোন কেটে দেন।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোজাহিদুল ইসলাম বিষয়টি নিয়ে বলেন, “সে কম্পিউটারে কী কাজ করছে, তা আগে দেখতে হবে। ওই কম্পিউটারে তেমন গুরুত্বপূর্ণ কিছু নেই। ব্যক্তিগতভাবে কিছু টিপাটিপি করে থাকতে পারে।”

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৩.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com