স্টাফ রিপোর্টার।
হবিগঞ্জে সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নিয়মিত অভিযানে আনুমানিক ১ কোটি ৫০ লাখ ২৭ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় পণ্য ও যানবাহন জব্দ করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, ০২ মে ২০২৬ ভোরে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় (সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে) অবস্থান নেয়। সকাল আনুমানিক ৬টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় ট্রাকসহ জিরা জব্দ করা হয়।
একই দিনে সকাল ৭টার দিকে তেলিয়াপাড়া বিওপি’র আরেকটি বিশেষ অভিযানে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে লুকানো অবস্থায় ভারতীয় জিরা ও ৭৬৮ ক্যান Red Bull এনার্জি ড্রিংকস উদ্ধার করা হয়। এ সময় গাড়িসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— মোঃ শাহেদ মিয়া (২৫), পিতা শুক্কুর আলী, গ্রাম তাতিকোনা, থানা ছাতক, জেলা সুনামগঞ্জ এবং মোঃ আশরাফুল (২০), পিতা আলমগীর, গ্রাম বরখাল, থানা দোয়ারাবাজার, জেলা সুনামগঞ্জ।
এছাড়া পৃথক আরেক অভিযানে চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপি’র টহলদল খাশপাড়া এলাকা থেকে মালিকবিহীন তিনটি ভারতীয় গরু জব্দ করে।
পরবর্তীতে আটক ব্যক্তিদের, জব্দকৃত মালামাল ও যানবাহন মাধবপুর থানায় হস্তান্তর করা হয় এবং গরুগুলোসহ অন্যান্য পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এ কাজে জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।