Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ০৩ মে ২০২৬ | ১২:০৯ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

শ্রীমঙ্গলে ফজরের নামাজে সিজদারত বৃদ্ধকে হত্যা, গ্রেফতার ১

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ০৩ মে ২০২৬ | ১২:০৯ অপরাহ্ন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ফজরের নামাজ চলাকালে মসজিদের ভেতরে ইমামকে হত্যা করার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (৩ মে) ভোরে উপজেলার ভুনবীর ইউনিয়নের লইয়ারকুল ফোরকানিয়া জামে মসজিদের বারান্দায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত হাফিজ উল্লা (৮০) পশ্চিম লইয়ারকুল গ্রামের মৃত মসফ উল্লার ছেলে। অভিযুক্ত মো. জসিম উদ্দিন (৩২) একই গ্রামের বাসিন্দা ও শওকত আলীর ছেলে। ঘটনার পরপরই পুলিশ তাকে গ্রেফতার করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মসজিদের স্থায়ী ইমাম ছুটিতে থাকায় ওইদিন ফজরের নামাজে ইমামতি করছিলেন হাফিজ উল্লা। নামাজ চলাকালে হঠাৎ পেছন দিক থেকে এসে জসিম একটি কলম দিয়ে তার চোখ, মুখ ও মাথায় আঘাত করে গুরুতর জখম করেন। পরে তাকে মারধর করে টেনে মসজিদের বারান্দায় নিয়ে আসা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।

তদন্ত কর্মকর্তা এসআই সজিব চৌধুরী জানান, হত্যার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতের দোকান থেকে বাকিতে পণ্য নেওয়া নিয়ে পূর্বের বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

ঘটনার পর পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় মুসল্লিরা জানান, নামাজরত অবস্থায় মসজিদের ভেতরে এমন নৃশংস ঘটনা আগে কখনও ঘটেনি।

এলাকাবাসী দ্রুত বিচার ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৩.০৫.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com