নিজস্ব প্রতিবেদক।
ছাতক সিমেন্ট কোম্পানি শ্রমিক ইউনিয়ন (সিবিএ) বি-৮০ এর উদ্যোগে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে কারখানা প্রাঙ্গণে সিবিএ বি-৮০ কার্যালয়ে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ডা. ওয়াহিদুর রহমান।
সিবিএ বি-৮০ সভাপতি শাহ আলমের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ আব্দুল কাদেরের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শফি উদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান (প্রশাসন) রাজিব কুমার পাল, প্রকৌশলী (বিদ্যুৎ) রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) কাজী ফয়সাল, ইউসুফ আলী, কার্যকরী সভাপতি মিয়া হোসেন, সিনিয়র সহ-সভাপতি জাবেদ কাওসার ও অস্থায়ী শ্রমিক প্রতিনিধি ইকবাল হোসেন।
সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সাদিক আহমদ।
এর আগে র্যালিটি কারখানার টাইম অফিস থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিবিএ বি-৮০ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডা. ওয়াহিদুর রহমান বলেন, শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন আরও বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সিবিএ সাধারণ সম্পাদক শফি উদ্দিন বলেন, নির্যাতিত ও নিপীড়িত শ্রমিকরা তাদের অধিকার আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কিন্তু সরকার সে বিষয়ে কর্ণপাত করছে না। বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গড়তে হলে আগে শ্রমিকের অধিকার নিশ্চিত করতে হবে। তিনি অভিযোগ করেন, কারখানায় এখনও অনিয়ম ও দুর্নীতির কারণে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সমাবেশে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আনোয়ার হোসেন, জাহিদ হাসান সুহেল, সারওয়ার খান বুলবুল, আশরাফ হোসেন সেলিম, কামরুজ্জামান কামাল, ইন্তাজ আলী, জাহাঙ্গীর আলম, সুলেমান খান সুমন, সুমন মিয়া প্রমুখ।
বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও শিল্প প্রতিষ্ঠান সচল রাখতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।