Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি হবিগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

পালিয়ে থেকেও রক্ষা হয়নি, বানিয়াচঙ্গে চাচা হত্যা মামলার আসামি গ্রেফতার

০১ মে ২০২৬ • ০৫:১৬ অপরাহ্ন

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি:


হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ভাতিজার হাতে চাচা খুনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সামুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার আওয়াল মহল এলাকায় তার খালা সামসুন্নাহারের বাড়ি থেকে তাকে আটক করা হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, সামুয়েলকে হাতে একটি ব্যাগ নিয়ে খালার বাড়ির দিকে যেতে দেখলে স্থানীয় লোকজন বিষয়টি মামলার বাদীপক্ষকে জানান। পরে মামলার বাদী মাওলানা আশিকুর রহমান, মিজানুর রহমান, চাচা ফারুক মিয়াসহ এলাকাবাসী বাড়িটি ঘেরাও করে থানায় খবর দেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির লোকজনকে দরজা খুলতে বলা হলেও প্রথমে দরজা খোলা হয়নি। এ সময় সামুয়েল ঘরের ভেতরে খাবার খাচ্ছিলেন এবং তার খালাতো ভাই কায়েস সেখানে উপস্থিত ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত ১১টার দিকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।


পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে।


উল্লেখ্য, গত ১৪ এপ্রিল সকাল ৭টার দিকে শাবল বা কাঠের শক্ত কিছু দিয়ে সামুয়েল তার চাচা আব্দুর রউফের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় ভিকটিমের ছোট মেয়ে আঁখি আক্তার ঘটনাটি দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামি পালিয়ে যায়।


গুরুতর আহত আব্দুর রউফকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই দিন রাত আনুমানিক ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স প্রায় ৭০ বছর ছিল।


এ ঘটনায় গত ২০ এপ্রিল নিহতের ছেলে মাওলানা আশিকুর রহমান বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে বানিয়াচং থানায় মামলা দায়ের করেন।


পুলিশ এ ঘটনায় প্রধান আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। পাশাপাশি মামলার অবশিষ্ট আসামিদের দ্রুত গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিজ্ঞাপন channeljaintanews24.com